দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগাম উদ্যোগ হিসেবে আগামী ২০ এপ্রিল থেকে জাতীয়ভাবে টিকাদান কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের প্রাদুর্ভাব নিয়ে আলোচনার সময় তিনি এ তথ্য জানান। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার উত্থাপিত জরুরি নোটিশের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং টিকা সরবরাহে কোনো ঘাটতি নেই।
তিনি উল্লেখ করেন, টিকাদান কর্মসূচি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগের নির্ধারিত সময়ের চেয়ে ১৪ দিন আগে থেকেই এই কার্যক্রম শুরু হচ্ছে। সরকারের পক্ষ থেকে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় টিকা সংগ্রহ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে টিকা কার্যক্রম জোরদার করতে ৫ এপ্রিল থেকে কয়েক মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। প্রতিটি ভায়ালে একাধিক ডোজ থাকায় টিকাদান কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
তিনি জানান, মোট প্রায় ২ কোটির বেশি ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো সংরক্ষণে কোল্ড চেইন ব্যবস্থা ঠিক রাখা হচ্ছে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে প্রচলিত টেন্ডার প্রক্রিয়ার পরিবর্তে সরাসরি আন্তর্জাতিক সংস্থা থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।
এ সময় হামের বিষয়ে অযথা আতঙ্ক না ছড়িয়ে সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এসআর