ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকছে।
এ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে বিল আকারে অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রস্তাবিত ‘সন্ত্রাসবিরোধী বিল ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়। এর ফলে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনে আরও সংশোধন এনে তা কঠোর করা হচ্ছে।
বিলের আওতায় আগে জারি করা অধ্যাদেশের বিধানগুলো বহাল রাখা হয়েছে। এর মধ্যে গণহত্যার সঙ্গে জড়িত সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে, যা অনুযায়ী আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে পূর্ব থেকেই সন্ত্রাসবিরোধী আইন চালু থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার বিশেষ অধ্যাদেশ জারি করতে বাধ্য হয়। সেই অধ্যাদেশে গুরুতর অপরাধে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম বন্ধে স্পষ্ট বিধান রাখা হয়েছে।
এর আগে সকাল ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম পুনরায় শুরু হয়।
এসআর