ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ঘোষণা দেন ইসি সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল।
এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই-বাছাইয়ের ফলাফলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়া তফশিলের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।
এর আগে ইসি সচিব জানান, আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর