[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ২৫ টাকা, বাড়তে পারে বিমান ভাড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ৮:০৭ পিএম

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। এতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বাড়ানো হয়েছে, যা মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

নতুন দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা।

এর আগে মার্চ মাসে এ দাম ছিল ২০২ টাকা ২৯ পয়সা। আরও আগে এটি ১১২ টাকা ৪১ পয়সা দরে বিক্রি হতো—অর্থাৎ অল্প সময়ের মধ্যেই দামে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে।


আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১.৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে এ দাম ছিল ০.৭৩৮৪ ডলার।


এর আগে গত ২৪ মার্চ এক দফায় জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। ফলে স্বল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে বিমান পরিবহন খাতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং সামগ্রিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন দাম কার্যকর থাকবে।


বিশ্লেষকদের মতে, জেট ফুয়েলের দাম বাড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই বিমান ভাড়া বাড়তে পারে। এতে যাত্রীদের অতিরিক্ত ব্যয় বহনের পাশাপাশি এয়ারলাইন্সগুলোর পরিচালন খরচও বাড়বে।

এসআর

সম্পর্কিত খবর