জাতীয় সংসদে আজ (৭ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের জারি করা ৮টি অধ্যাদেশকে চূড়ান্ত আইনে রূপান্তরের লক্ষ্যে পৃথক ৮টি বিল পাস করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে সংশ্লিষ্ট
মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কোনো সংশোধন ছাড়াই সেগুলো কণ্ঠভোটে পাস হয়।
সংসদের বিশেষ কমিটি পূর্ববর্তী ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে ৯৮টি অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল, আজকের বিলগুলো তারই অংশ।
গুমের বিচার নিশ্চিত: 'আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬' পাসের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের তালিকায় 'গুম' (বাধ্যতামূলক নিখোঁজ) অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনমন্ত্রী জানান, গুমের বিচার করতে সরকার বদ্ধপরিকর এবং এই আইন তারই প্রতিফলন।
আইন ও বিচার বিভাগ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান পৃথকভাবে ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি আদালত এবং রেজিস্ট্রেশন সংশোধন সংক্রান্ত ৪টি বিল উত্থাপন করেন যা সরাসরি পাস হয়।
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (খুলনা) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিলেট) নাম সংশোধন সংক্রান্ত বিলগুলো পাস করা হয়েছে।
পরিবেশ ও তামাক নিয়ন্ত্রণ: পানিসম্পদ মন্ত্রী 'বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল' এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)' সংশোধন বিল পাস করা হয়েছে।
আইনমন্ত্রী সংসদে স্পষ্ট করেন যে, বর্তমান সরকার গুমের মতো ঘটনার বিচার নিয়ে অত্যন্ত আন্তরিক এবং আইনি কাঠামো শক্তিশালী করার মাধ্যমেই সেই সদিচ্ছা প্রমাণ করা হচ্ছে।
এসআর