[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ৭:১০ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি নীতি, কৌশল ও সংস্কৃতি বিষয়ক দায়িত্বও পালন করছেন।

দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগগুলো অবশ্যই তদন্ত করা হবে। তবে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন প্রয়োজন। কমিশন পুনর্গঠিত হলে তাদের মাধ্যমেই তদন্ত প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।


উপদেষ্টা আরও বলেন, শুধু অতীতের অভিযোগ নয়, বর্তমান সময়েও কোনো অনিয়ম হচ্ছে কিনা—সেটিও খতিয়ে দেখা হবে। দুর্নীতি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে নজরদারি জোরদার করা হবে।


এদিকে অটোরিকশার ব্যাটারি চার্জে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার ও যানবাহন নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, অটোরিকশাকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা জরুরি।

বিষয়টি শুধু বিদ্যুৎ ব্যবহারের নয়, সড়ক নিরাপত্তার সঙ্গেও সম্পৃক্ত।


তিনি উল্লেখ করেন, অনেক চালক পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত নন এবং অনেক যানবাহনে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। আগে এসব যান সীমিত এলাকায় চলাচল করলেও বর্তমানে প্রধান সড়কেও চলাচল করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।


সরকার এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর