ডায়েট বা জিমে গিয়েও যারা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, তাদের জন্য ঘরোয়া কাজই হতে পারে
মেদ কমানোর সহজ উপায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের কিছু সাধারণ কাজ নিয়ম করে করলে উল্লেখযোগ্য পরিমাণে ক্যালোরি পোড়ানো সম্ভব।
কোন কাজে কত ক্যালোরি ঝরবে?
বাড়ির কাজের ধরন অনুযায়ী প্রতি ঘণ্টায় সম্ভাব্য ক্যালোরি ক্ষয়ের একটি তালিকা নিচে দেওয়া হলো:
ঘর মোছা: নিচু হয়ে ঘর মুছলে শরীরের ভালো ব্যায়াম হয়। এতে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ ক্যালোরি পর্যন্ত মেদ ঝরতে পারে, যা পেটের মেদ কমাতে সহায়ক।
বাগান করা: বাগানের ঘাস পরিষ্কার করা বা চারা রোপণের জন্য মাটি খুঁড়লে প্রতি ঘণ্টায় ২০০-৩০০ ক্যালোরি শক্তি খরচ হয়।
ভ্যাকিউম ক্লিনিং: ঘরের কোনায় জমে থাকা ধুলোবালি ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে ঘণ্টায় প্রায় ১২০ ক্যালোরি পোড়ানো সম্ভব।
ঝুল ঝাড়া: ঘরের সিলিং বা দেয়ালের ঝুল পরিষ্কারের মাধ্যমে শরীর প্রসারিত হয়, যা ঘণ্টায় ১০০-১২০ ক্যালোরি মেদ ঝরাতে সাহায্য করে।
কাপড় শুকানো: ধোয়া কাপড় ভারি বালতিতে করে নিয়ে রোদে শুকাতে দিলেও শরীরচর্চা হয়। এতে ঘণ্টায় প্রায় ১০০-১৫০ ক্যালোরি খরচ হতে পারে।
কেন এই পদ্ধতি কার্যকর?
১. প্রাকৃতিক ব্যায়াম: এই কাজগুলো করার সময় শরীরের বিভিন্ন পেশি সক্রিয় থাকে, যা মেদ গলাতে সাহায্য করে।
২. মানসিক তৃপ্তি: বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি নিজের ফিটনেস বজায় রাখা যায় বলে মনও প্রফুল্ল থাকে।
৩. দীর্ঘমেয়াদী ফল: নিয়মিত এক মাস এসব কাজ করলে শরীরের ওজনে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়।
ভারি কোনো কাজ করার সময় পিঠ বা কোমরের জয়েন্টের দিকে খেয়াল রাখুন। সুস্থ থাকতে কাজের পাশাপাশি প্রচুর পানি পান করুন এবং সুষম খাবার খান।
এসআর
মন্তব্য করুন: