মিষ্টি মুখ করতে হালুয়ার জুড়ি নেই। সাধারণত আমরা সুজি বা বুটের ডালের হালুয়া খেয়ে
অভ্যস্ত। তবে স্বাদে বৈচিত্র্য আনতে তৈরি করতে পারেন পুষ্টিকর বিটরুটের হালুয়া। এর নজরকাড়া লাল রং আর দারুণ স্বাদ ছোট-বড় সবারই মন কাড়বে। চলুন জেনে নেই ঝটপট তৈরির রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
বিটরুট: ১টি (বড়)
সুজি ও ময়দা: আধা কাপ করে
ঘি: আধা কাপ
চিনি: স্বাদমতো
গুঁড়া দুধ: ৩ টেবিল চামচ
এলাচ: ২টি
গোলাপ জল: আধা চা চামচ
লবণ: এক চিমটি
পানি: প্রয়োজনমতো
সাজানোর জন্য: কিশমিশ, বাদাম কুচি ও কোকোনাট পাউডার।
প্রস্তুত প্রণালী:
১. রস তৈরি: প্রথমে বিটরুটটি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। এরপর এটি ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ফ্রেশ রসটুকু আলাদা করে রাখুন।
২. ভাজা: একটি নন-স্টিক প্যানে ঘি গরম করে তাতে এলাচ দিন। এবার সুজি ও ময়দা দিয়ে মৃদু আঁচে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না হালকা লালচে ভাব আসে।
৩. মিশ্রণ: সুজি ভাজা হলে এতে বিটরুটের রস, চিনি ও গুঁড়া দুধ দিয়ে দিন। এক চিমটি লবণ দিন স্বাদের ভারসাম্যের জন্য।
৪. রান্না: মিশ্রণটি ঘন হয়ে যখন প্যানে গা ছেড়ে আসবে, তখন গোলাপ জল ও কিছু বাদাম কুচি ছিটিয়ে নামিয়ে নিন।
৫. পরিবেশন: একটি পাত্রে ঢেলে সমান করে বিছিয়ে দিন। ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে উপরে কোকোনাট পাউডার, কিশমিশ ও বাদাম সাজিয়ে পরিবেশন করুন।
এসআর
মন্তব্য করুন: