নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাসহ মোট ১০টি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন প্রদান করেন।
তবে সেই জামিন আদেশ পরে আপিল বিভাগে স্থগিত হয়। এর মধ্যে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের গঠিত হাইকোর্ট বেঞ্চ চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি নতুন করে জামিন মঞ্জুর করেন।
সর্বশেষ আপিল বিভাগের আদেশে আইভীর জামিন বহাল থাকায় তার মুক্তির পথ উন্মুক্ত হয়েছে।
এসআর