[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৮:২৮ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থা।

গ্রেপ্তার হওয়া হাফিজুর রহমান একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।


বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা সদর আমলি আদালতে তাকে হাজির করা হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করেন।


তদন্ত সংশ্লিষ্টরা জানান, রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয় এবং পরে কুমিল্লায় নিয়ে আসা হয়। মামলার অগ্রগতির অংশ হিসেবে সম্প্রতি কয়েকজন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আদালত সূত্রে জানা গেছে, গত ১০ বছরে মামলাটিতে প্রায় ৮০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সংস্থার একাধিক তদন্ত কর্মকর্তা এ নিয়ে কাজ করেছেন। বর্তমানে পিবিআই মামলাটির তদন্ত করছে।


শুনানির সময় নিহত তনুর পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে কুমিল্লা সেনানিবাস এলাকায় কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শুরুতে বিভিন্ন সংস্থা তদন্ত করলেও রহস্য উদ্ঘাটন হয়নি।

পরবর্তীতে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়, যারা বর্তমানে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর