সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে সাধারণ মানুষের অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচারের প্রবণতা ঠেকাতে নতুন আইনি ব্যবস্থা জোরদার করেছে সরকার।
নবপ্রণীত ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ অনুযায়ী এ ধরনের অপরাধে দ্রুত তদন্ত ও বিচারের বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, এই আইনের আওতায় দায়ের হওয়া অভিযোগ সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে অনেকেই কনটেন্ট তৈরির নামে সাধারণ মানুষের ভিডিও ধারণ করে তা আপত্তিকরভাবে প্রচার করছেন। এমনকি ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় বা ব্ল্যাকমেইলের ঘটনাও ঘটছে।
এসব অনিয়ম ঠেকাতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও জানান, চলতি মাসের ১০ এপ্রিল পাস হওয়া আইনের ২৫(১) ধারা অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে কাউকে হুমকি দেওয়া, ব্যক্তিগত তথ্য বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো, যৌন হয়রানি বা ব্ল্যাকমেইল করা শাস্তিযোগ্য অপরাধ।
এ ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
ভুক্তভোগী নারী বা অপ্রাপ্তবয়স্ক হলে শাস্তি বাড়িয়ে ৫ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা করা হতে পারে।
এছাড়া ভিডিওর ভয় দেখিয়ে অর্থ আদায়কে সাইবার প্রতারণা হিসেবে গণ্য করে আরও কঠোর শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
অনলাইনে ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিষয়ে তিনি বলেন, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালককে প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে, যা বিটিআরসির মাধ্যমে কার্যকর হবে।
প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ ক্ষমতায় তল্লাশি ও গ্রেপ্তারের সুযোগও রাখা হয়েছে।
সরকার সাইবার অপরাধ শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী।
পাশাপাশি তদন্ত কার্যক্রম আরও কার্যকর করতে আন্তর্জাতিক মানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বিদেশে অবস্থানরত অপরাধীদের ক্ষেত্রেও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আইন কার্যকরভাবে প্রয়োগ হলে অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এসআর