[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়-বৃষ্টিতে অন্তত ১০০ জনের মৃত্যু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ৬:০১ পিএম

সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশজুড়ে ভয়াবহ ঝড় ও প্রবল বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ জন মানুষ। বৃহস্পতিবার (১৪ মে) এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার সন্ধ্যার আকস্মিক এই দুর্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং ব্যাপক

 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে প্রয়াগরাজে, যেখানে ২১ জন মারা গেছেন; এছাড়া ভাদোহিতে ১৮ জন, মির্জাপুরে ১৫ জন এবং ফতেহপুরে ১০ জনসহ আরও বেশ কিছু জেলায় মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রবল বাতাসে বড় সাইনবোর্ড, টিনের ছাউনি উড়ে যাওয়ার পাশাপাশি বহু মানুষ গাছ ও উড়ালসেতুর নিচে চাপা পড়ে হতাহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ঝড়ের তাণ্ডব ফুটে উঠেছে, যেখানে বেরেলির এক ব্যক্তিকে টিনের ছাউনিসহ অন্তত ৫০ ফুট দূরে উড়ে গিয়ে আছাড় খেতে দেখা যায়।

এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসনকে জরুরি নির্দেশ দিয়েছেন। রাজ্যের ত্রাণ কমিশনারের দফতর জানিয়েছে, উদ্ধারকাজ এবং ক্ষয়ক্ষতি নিরূপণের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করে দুর্গতদের পাশে দাঁড়ানোর সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর