ভোট-পরবর্তী সহিংসতা ও দলীয় কার্যালয়ে হামলার মামলায় আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে বের হওয়ার সময় নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী,
বৃহস্পতিবার (১৪ মে) শুনানি শেষে আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দেয়, যা আদালত চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি করে।
এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কাছে তাকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করে দ্রুত স্থান ত্যাগ করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিজেপিপন্থী কিছু আইনজীবী সাবেক মুখ্যমন্ত্রীকে হেনস্তার চেষ্টা করেছেন।
দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই ঘটনাকে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন। এর আগে প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে শুনানিতে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট-পরবর্তী সহিংসতা বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে আদালতের হস্তক্ষেপ কামনা করেন।
এসআর