রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা দ্রুত নিরসন হওয়া প্রয়োজন।
তার মতে, এ সংঘাত দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বব্যবস্থার ওপর পড়বে।
মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, চলমান সংকট অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তা মারাত্মক চাপের মুখে পড়তে পারে।
তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘ হলে শেষ পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে।
রুশ প্রেসিডেন্ট জানান, প্রয়োজনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের তত্ত্বাবধানে সংরক্ষণের বিষয়ে রাশিয়া প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, ২০১৫ সালেও একই ধরনের পরিস্থিতিতে রাশিয়া ইরানের ইউরেনিয়াম মজুত স্থানান্তরে ভূমিকা রেখেছিল এবং সেই অভিজ্ঞতা আবার কাজে লাগানো সম্ভব।
পুতিনের ভাষ্য অনুযায়ী, একসময় সংশ্লিষ্ট পক্ষগুলো ইরানের বাইরে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল।
তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কঠোর অবস্থান নেয়। এরপর তেহরানও নিজেদের অবস্থান পরিবর্তন করে আরও কঠিন অবস্থান গ্রহণ করে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মস্কো এখনো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে কাজ করছে।
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট দ্রুত সমাধানের দিকে এগোবে।
তথ্যসূত্র: Middle East
এসআর