ওয়াশিংটন ডিসির একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাতে হোয়াইট হাউজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ চলাকালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। তারা সবাই বর্তমানে সুস্থ আছেন।
ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে তখন সাংবাদিক ও বিনোদন জগতের তারকারা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালীন হোটেলের বাঙ্কেট হলে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্টকে ঘিরে ফেলেন। নিরাপদ স্থানে যাওয়ার সময় ট্রাম্প একবার হোঁচট খেয়ে পড়ে গেলেও বড় কোনো আঘাত পাননি।
পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, বন্দুকধারী তার থেকে বেশ দূরে ছিল। হামলাকারী প্রথমে একজন নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি ছুড়লে নিরাপত্তারক্ষীরা পাল্টা ব্যবস্থা নিয়ে তাকে দ্রুত নিয়ন্ত্রণে আনে। সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করায় তিনি গোয়েন্দা সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান। সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গেছে, আটককৃত বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনুষ্ঠানস্থলে উপস্থিত সবার মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসআর