বিদ্যমান প্রতিকূল পরিস্থিতি ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ
পেজেশকিয়ান এক বিবৃতিতে জনগণকে এই সংকটকালীন সময়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রুপক্ষ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং ইরানকে চারদিক থেকে অবরুদ্ধ করার চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করা। এ অবস্থায় বর্তমান পরিস্থিতি সামাল দিতে আমাদের জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা জরুরি। উদাহরণ হিসেবে তিনি বলেন, ঘরে ১০টি বাতির বদলে মাত্র ২টি বাতি জ্বালিয়েও কাজ চালানো সম্ভব, যা এই মুহূর্তে দেশের জন্য বড় অবদান হতে পারে।
এদিকে, আঞ্চলিক অস্থিরতা ও উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার গুঞ্জনের মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সফর প্রসঙ্গে আরাগচি জানান, প্রতিবেশীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নিবিড় সমন্বয় করার লক্ষ্যেই তার এই পাকিস্তান সফর। ইরানের পক্ষ থেকে এই সফরকে 'দ্বিপাক্ষিক পরামর্শ' হিসেবে অভিহিত করা হয়েছে, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
এসআর