ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্তের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। নতুন জারি করা ‘নোটাম’ (নোটাম) অনুযায়ী, সব ধরনের ভারতীয় নিবন্ধিত,
বাণিজ্যিক ও সামরিক উড়োজাহাজ ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
২০২৫ সালের ২৪ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমান সংস্থাগুলো ইতিমধ্যে কয়েক বিলিয়ন রুপির আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় ফ্লাইটের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়। পরবর্তীতে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমানের জন্য একই ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, এই উত্তজনাকে কেন্দ্র করে গত বছর দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত সৃষ্টি হয়েছিল। পাকিস্তানের দাবি অনুযায়ী, পাল্টাপাল্টি হামলায় তারা ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পরে আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। ইতিপূর্বেও ১৯৯৯ এবং ২০১৯ সালের সংকটের সময় পাকিস্তান একইভাবে তাদের আকাশপথ বন্ধ রেখেছিল।
এসআর