জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা রিখটার স্কেলে ৭.৪ হিসেবে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকাগুলোতে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়।
জাপানের জাপান আবহাওয়া সংস্থা জানায়, কম্পনটির কেন্দ্র ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী সানরিকু অঞ্চলের সমুদ্রের নিচে। স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।
সংস্থাটি আরও জানায়, জাপানের ভূমিকম্প তীব্রতা মাপকাঠিতে এর মাত্রা ছিল ‘আপার ৫’। এ ধরনের কম্পনে মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হতে পারে এবং দুর্বল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।
এসআর