পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে আলাপকালে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ নিয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি
সংবাদমাধ্যম মিজান নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, অতীতের অভিজ্ঞতার আলোকে তেহরান আশঙ্কা করছে যে ওয়াশিংটন আবারও আলোচনার নামে প্রতারণা করতে পারে। তার মতে, যুদ্ধবিরতির আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণ অত্যন্ত অযৌক্তিক এবং আক্রমণাত্মক, যা তাদের আন্তরিকতা নিয়ে বড় প্রশ্ন সৃষ্টি করেছে। ইরান মনে করছে, আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র পুনরায় হামলার ছক কষছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার ইসলামাবাদে প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিলেও ইরান এই আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে নেতিবাচক ইঙ্গিত দিয়েছে। দেশটির সংবাদমাধ্যমগুলোর দাবি, আলোচনার পরিবেশ বর্তমানে অনুকূল নয়।
ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যেকোনো আলোচনার আগে তাদের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। এর মধ্যেই রোববার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তেহরান এই ঘটনার কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান এই ফোনালাপের বিষয়ে বিবৃতি দিলেও সেখানে দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়টি এড়িয়ে গেছে।
এসআর