ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য বিশ্বের শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী ও জায়নবাদবিরোধী’ প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, যাদের কোনো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক পদ নেই
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল অনুসারী থাকায় তারা জনমতের ওপর ব্যাপক প্রভাব ফেলেন। তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের তীব্রতা এবং তার ফলে তৈরি হওয়া সম্ভাব্য ‘ঝুঁকি’ বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
প্রকাশিত এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন মার্কিন ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ান এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিশ্বখ্যাত পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। এছাড়া তালিকায় মার্কিন সাংবাদিক টাকার কার্লসন, ক্যান্ডাস ওয়েন্স এবং অতি-ডানপন্থী নিক ফুয়েন্তেসের মতো বিতর্কিত ব্যক্তিদের নাম রয়েছে।
ব্রিটিশ-ফিলিস্তিনি সাংবাদিক আবদেল বারি আতওয়ান রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। ইসরায়েলের দাবি, এসব ব্যক্তিরা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিকল্পিতভাবে ইহুদিবিদ্বেষী ও ইসরাইলবিরোধী বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন।
তবে এই তালিকার কঠোর সমালোচনা করেছেন এতে নাম থাকা সাংবাদিক আবদেল বারি আতওয়ান। তিনি মন্তব্য করেছেন যে, ইসরায়েল সরকার রাষ্ট্রীয় নীতির সমালোচনা এবং প্রকৃত ইহুদিবিদ্বেষকে এক করে ফেলছে। তাঁর মতে, গাজা বা লেবাননে যুদ্ধের বিরোধিতা করা মানেই ইহুদিদের ঘৃণা করা নয়।
বিশ্লেষকরা মনে করছেন, বিশেষ করে ইরানের সাথে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা বাড়তে থাকায় এই তালিকা প্রকাশের মাধ্যমে তারা জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পিউ রিসার্চের তথ্যমতে, বর্তমানে প্রায় ৬০ শতাংশ আমেরিকান ইসরায়েল সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন।
এসআর