ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের
পতন ঘটেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তেলের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।
মঙ্গলবার রাতে দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, আগামী ১৫ দিন হরমুজ প্রণালী সব দেশের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তবে এই জলপথ ব্যবহারের আগে ইরানের বিশেষ বাহিনী আইআরজিসি (IRGC)-এর পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।
রয়টার্সের তথ্যমতে, এই খবরের প্রভাবে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল 'ব্রেন্ট ক্রুড' তেলের দাম ১৩.০৬ শতাংশ কমে ৯৪.৪৩ ডলারে নেমেছে। অন্যদিকে, 'ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট' (ডব্লিউটিআই) তেলের দাম প্রতি ব্যারেলে ১৬.১৩ ডলার বা ১৪.৩৭ শতাংশ কমেছে। বাজার বিশ্লেষক টনি সাইক্যামোর এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখলেও সতর্ক করেছেন যে, বাজার পুরোপুরি স্থিতিশীল হতে আরও দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমাধানের প্রয়োজন।
এসআর