ইরানের দেওয়া ১০ দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্র মেনে নিলেও এর একটি বিশেষ শর্ত নিয়ে আপত্তি তুলেছে ইসরায়েল। ইরানের শর্তানুযায়ী লেবাননসহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধের কথা
থাকলেও, ইসরায়েল জানিয়েছে তারা লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে।
বুধবার (৮ এপ্রিল) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা স্থগিতের সিদ্ধান্তকে তারা সমর্থন করে। তবে এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তারা ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের পাশে আছেন যাতে ইরান আর কোনো পারমাণবিক বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে। কিন্তু লেবানন ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছিলেন যে, সব পক্ষ লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু ইসরায়েলের এই নতুন অবস্থান সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ১,৫০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযানও চলমান রয়েছে।
ইসরায়েলের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার বিষয়ে হিজবুল্লাহ, লেবানন কিংবা ইরান-যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসআর