দীর্ঘ উত্তেজনার পর অবশেষে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরের প্রবেশদ্বার ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ 'হরমুজ প্রণালি' দিয়ে
চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে টোল বা ফি আদায়ের অনুমতি পেয়েছে ইরান ও ওমান।
মার্কিন সংবাদমাধ্যম এপি’র বরাতে আল জাজিরা জানিয়েছে, প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলো থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহের স্বীকৃতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দেশ দুটিকে। একটি সূত্র জানিয়েছে, ইরান এই অর্থ তাদের দেশের পুনর্গঠন কাজে ব্যয় করার পরিকল্পনা করছে, তবে ওমানের ব্যয়ের পরিকল্পনা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
এর আগে বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেন। এই সাময়িক স্বস্তিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে।
এসআর