ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সেখানে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। তবে
ঠিক কারা এই হামলা চালিয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের তথ্যমতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে যুদ্ধবিরতির চুক্তিতে আসার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা শেষ হওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগেই এই বিস্ফোরণ ঘটল। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছে অবস্থিত এই দ্বীপটি ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রধান কেন্দ্র এবং এখানে বড় সামরিক মজুত রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তার দেওয়া আলটিমেটামের সময় শেষ হয়ে আসছে।
"আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে পাওয়া যাবে না। আমি চাই না এমন কিছু ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটতে যাচ্ছে।"
ট্রাম্প আরও উল্লেখ করেন যে, বর্তমান মার্কিন প্রশাসনে পরিবর্তন আসায় হয়তো ইতিবাচক কিছুও ঘটতে পারে। তিনি বলেন, "আজ রাতেই আমরা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে জানতে পারব। দীর্ঘ ৪৭ বছরের দুর্নীতি ও শোষণের অবসান হতে যাচ্ছে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।"
এই হামলার পর থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, আজ রাতের মধ্যেই বড় কোনো সামরিক বা রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা আসতে পারে।
এসআর