[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

কম খরচে চিকিৎসা ও প্রশিক্ষণ দিতে আগ্রহী ভারতের পিআইএমএস হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ১১:২৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে হাম ও ভাইরাসজনিত জ্বরসহ বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের রাজস্থানের উদয়পুরে অবস্থিত পিআইএমএস (মাল্টি সুপার স্পেশালিটি) হাসপাতাল।

একইসঙ্গে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসা সেবাও কম খরচে দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির অনকো সার্জারি সার্ভিসের পরিচালক কুরেশ বামবারা জানান, বাংলাদেশ সরকার চাইলে তাদের অভিজ্ঞ চিকিৎসক দল সরাসরি এসে চিকিৎসা সহায়তা দিতে পারে।

এছাড়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও প্রস্তুতি রয়েছে।

 


তিনি বলেন, ভারতের অন্যান্য বড় হাসপাতালের তুলনায় তুলনামূলক কম ব্যয়ে চিকিৎসা, থাকা-খাওয়ার সুবিধা এবং ডায়াগনস্টিক সেবা নিশ্চিত করা হচ্ছে।

বিশেষ করে বাংলাদেশি রোগীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা, প্রয়োজনীয় নথিপত্র প্রক্রিয়ায় সহায়তা এবং অপারেশনের পর নিয়মিত ফলো-আপ সুবিধা দেওয়া হবে।


গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি বিভাগের পরিচালক ডা. কামাল কিশোর বিষ্ণ জানান, তাদের হাসপাতালে লিভার, প্যানক্রিয়াস ও পিত্তথলির জটিল অস্ত্রোপচার নিয়মিত করা হয়।

প্রতিটি প্রাইভেট ওয়ার্ডেও আইসিইউ মানের ভেন্টিলেশন মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে, যাতে রোগীরা সর্বোচ্চ নিরাপত্তা পান।


তিনি আরও বলেন, হাসপাতালটি চাইলে বাংলাদেশি চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। প্রশিক্ষণ শেষে তারা দেশে ফিরে উন্নত চিকিৎসা সেবা দিতে পারবেন।

আগ্রহী চিকিৎসকদের জন্য সেখানে কাজের সুযোগও থাকবে।
পিআইএমএস কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তি ও গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যেমন টিউমার ম্যাপিং ও মিনিমালি ইনভেসিভ সার্জারির মাধ্যমে রোগীদের দ্রুত সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।


হাসপাতালের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যানেজার অনিতা রায় বলেন, উন্নত চিকিৎসা যেন কোনো রোগীর নাগালের বাইরে না থাকে, সে লক্ষ্যেই তারা কাজ করছে।

বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাস্থ্যখাতে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হাসপাতালটিতে আধুনিক অপারেশন থিয়েটার, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং সার্বক্ষণিক ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট রয়েছে।

ফলে বাংলাদেশি রোগীরা এখন তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিতে পারবেন।

এসআর

সম্পর্কিত খবর