[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

২৪ দিন পর সন্ধান মিলল টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৯:২৭ পিএম

সংগৃহীত ছবি

প্রায় তিন সপ্তাহের বেশি সময় নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ পাওয়া গেছে টালিউডের পরিচালক উৎসব মুখোপাধ্যায়-এর।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন।


জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) সকালে হঠাৎ করেই ওই বন্ধুর বাসায় পৌঁছান তিনি। তবে এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।

পরিচালকের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন।


পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তার ফিরে আসার খবর সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের জানানো হয়। একইসঙ্গে লালবাজার মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানা-কেও বিষয়টি অবহিত করা হয়।

পরে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, নিখোঁজ পরিচালকের সন্ধান পাওয়া গেছে এবং তা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে।


এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম জানান তার স্ত্রী। তিনি বলেন, থানার ডাকে যাওয়ার পথে স্বামীর এক বন্ধুর কাছ থেকে ফোন পান এবং জানতে পারেন তিনি নিরাপদে আছেন। পুলিশের উপস্থিতিতে ভিডিও কলে স্বামীর সঙ্গে তার সংক্ষিপ্ত কথাও হয়। সে সময় তাকে ক্লান্ত দেখাচ্ছিল এবং বিশ্রামে ছিলেন বলে জানান তিনি।


উল্লেখ্য, গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। সেদিন তিনি একটি ব্যাংকে যাওয়ার পর আর ফিরে আসেননি। সর্বশেষ দুপুর ২টা ২২ মিনিটে তার সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে জানান তার স্ত্রী। পরে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। অবশেষে ২৪ দিন পর তার সন্ধান মেলায় স্বস্তি ফিরে এসেছে পরিবারে।

এসআর

সম্পর্কিত খবর