[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

বিদেশে সাফল্যের নতুন ধাপ ‘দম’, উত্তর আমেরিকায় বাড়ছে প্রদর্শনী হল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’ যুক্তরাষ্ট্রের সিনেমা বাজারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

দর্শক চাহিদা দ্রুত বাড়তে থাকায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে সিনেমাটির প্রদর্শনী হলের সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ৫০টিতে উন্নীত করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে মোট ৫৮টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।


গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। দর্শকদের প্রতিক্রিয়া ও চাহিদা বিবেচনায় নিয়ে হল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস-এর প্রধান নির্বাহী রাজ হামিদ। তিনি বলেন, দর্শক আগ্রহই মূলত এই সম্প্রসারণের প্রধান কারণ।


একই সময়ে কানাডার ৮টি প্রেক্ষাগৃহেও সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, দেশে ঈদুল ফিতরের সময় ভালো সাড়া পাওয়ার পর বিদেশেও ‘দম’ একই ধরনের জনপ্রিয়তা অর্জন করছে।


সিনেমার প্রচারণা ও প্রদর্শনী উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে মতবিনিময়েও অংশ নিচ্ছেন। এ সময় প্রবাসী দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন এবং সাংবাদিক রোজিনা ইসলামও উপস্থিত ছিলেন।


দর্শকরা সিনেমাটির গল্প, ভিজ্যুয়াল উপস্থাপন এবং অভিনয়ের প্রশংসা করছেন। বিশেষ করে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর অভিনয় আলাদা করে নজর কাড়ছে বলে মত দিচ্ছেন অনেকে। অনেক দর্শকের মতে, ‘দম’ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সিনেমার জন্য একটি নতুন অর্জন।


নির্মাতা রেদওয়ান রনি বলেন, বিদেশে দর্শকদের এমন সাড়া পাওয়া তার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা। তিনি জানান, প্রবাসীদের ভালোবাসাই সিনেমাটির এই অগ্রগতির মূল শক্তি।


উল্লেখ্য, ‘দম’ চলচ্চিত্রের চিত্রনাট্য রচনায় যুক্ত ছিলেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।

এসআর

সম্পর্কিত খবর