বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবনিযুক্ত উপাচার্যের যোগদানের দিনেই শিক্ষকদের পদোন্নতি জটিলতা নিরসনের দাবি উঠেছে।
যোগদানের পর আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের চলমান নানা সংকট ও প্রশাসনিক সমস্যার বিষয় তুলে ধরেন।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
এসময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষকরা দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি প্রক্রিয়া দ্রুত সমাধানের আহ্বান জানান।
সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ আশরাফুল হক বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।
শিক্ষকরা আন্দোলনে যেতে বাধ্য হওয়ায় শিক্ষা কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগের প্রশাসনের বিভিন্ন আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।
নতুন উপাচার্যের নেতৃত্বে সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া বিভিন্ন বিভাগের আরও কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষা পরিবেশ নিয়ে বক্তব্য দেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একটি পরিকল্পিত রোডম্যাপ অনুযায়ী কাজ করা হবে।
একই সঙ্গে শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও বিধি অনুযায়ী সমাধানের আশ্বাস দেন তিনি।
এসআর