[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

বুটেক্সে আইটিইটি-ক্যারিয়ার ফেয়ার ২০২৬, শিক্ষার্থী-শিল্পখাতের সেতুবন্ধন

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬”।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বুটেক্স ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগিতা করে ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)।


ফেয়ারটির লক্ষ্য ছিল শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়া। সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন আনুষ্ঠানিক উদ্বোধন করলে ক্যাম্পাসে শুরু হয় প্রাণবন্ত কার্যক্রম। শিক্ষার্থীরা জীবনবৃত্তান্ত হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।


প্রায় ২৭টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয় এ আয়োজনে। এর মধ্যে ছিল সেন্ট্রো টেক্স, সুইস ক্রোমা বাংলাদেশ, ব্যাবিলন গ্রুপ, হা-মিম গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, ঊর্মি গ্রুপ, পূর্বানী গ্রুপ, এপিলিয়ন, একেএইচ গ্রুপ, প্যাসিফিক জিন্সসহ আরও বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠান সরাসরি সাক্ষাৎকারও গ্রহণ করে।


বেলা ১১টায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় শিল্প খাতের বিভিন্ন প্রতিনিধি অংশ নিয়ে “ভূ-রাজনীতি ও বস্ত্রশিল্পের পরিবর্তন, নতুন স্নাতকদের প্রস্তুতি” বিষয়ে মতামত তুলে ধরেন। এতে অংশগ্রহণকারীরা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।


দুপুরে আয়োজিত কর্মশালায় সেন্ট্রোর প্রতিনিধি জাইদুর রহমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও করপোরেট জগতে প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
দিনশেষে সমাপনী অনুষ্ঠানে উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিনসহ অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা এমন আয়োজনকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


আয়োজকরা জানান, এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের জন্য শিল্পখাতের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এবং ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর