চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই বাংলা প্রথমপত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে।
বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষা সামনে রেখে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
সময়মতো কেন্দ্রে উপস্থিতি
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে।
উত্তরপত্র পূরণে সতর্কতা
রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে ওএমআর শিটে বৃত্ত পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষার ধরণ
প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে। দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না।
পাসের শর্ত
তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক (যদি প্রযোজ্য হয়)—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহ
পরীক্ষা শুরুর অন্তত এক সপ্তাহ আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোনো পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহার
সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং সুবিধাযুক্ত ক্যালকুলেটর নিষিদ্ধ।
মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন।
পরীক্ষা নির্বিঘ্ন করতে এসব নির্দেশনা কঠোরভাবে মানার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।
এসআর