ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব শিক্ষার্থীর জন্য ‘বাংলাদেশ স্টাডিজ’ ও ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি।
এ লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সংগঠনটি জানায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে কোর্স দুটিকে ক্রেডিটভিত্তিক ও বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এসব কোর্স শিক্ষার্থীদের দেশের ইতিহাস, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে।
এছাড়া একটি বিশেষায়িত ইসলামী বিশ্ববিদ্যালয় হিসেবে এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়। বিশ্বের বিভিন্ন ধর্মভিত্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমের উদাহরণও তুলে ধরা হয়।
সংগঠনটি আরও বলেছে, নৈতিকতা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না; তাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও স্বকীয়তা বিবেচনায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি।
এ বিষয়ে উপাচার্য জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত পাওয়া গেছে। সব দিক পর্যালোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, আগে শিক্ষার্থীদের এ দুটি কোর্সের যেকোনো একটি নন-ক্রেডিট হিসেবে সম্পন্ন করতে হতো।
এসআর