বিশ্ব ধরিত্রী দিবসকে সামনে রেখে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে আয়োজন করা হয় পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি।
‘দ্য প্লাস্টিক এক্সচেঞ্জ’ শিরোনামের এই উদ্যোগে শিক্ষার্থীরা ব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে পেয়েছেন বীজযুক্ত পরিবেশবান্ধব কলম।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত এ কার্যক্রমে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আয়োজকদের নিয়ম অনুযায়ী, দুটি প্লাস্টিক বর্জ্য জমা দিলে দেওয়া হয় একটি ‘প্ল্যান্টেবল ইকো-পেন’, যা ব্যবহারের পর মাটিতে পুঁতে দিলে সেখান থেকে গাছ জন্মাতে পারে।
কর্মসূচিতে অংশ নেওয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী জানান, টেকসই উন্নয়নের এই সময়ে এ ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করে তুলতে সহায়ক।
ছোট একটি প্রণোদনার মাধ্যমে হলেও প্লাস্টিকের ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীরা ভাবতে শুরু করছেন, যা ভবিষ্যতে বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
আয়োজক দলের এক সদস্য বলেন, ক্যাম্পাসে প্লাস্টিক দূষণ কমানো এবং পরিবেশবান্ধব চর্চা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রতীকী এ বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে।
ক্লাবের সভাপতির ভাষ্য অনুযায়ী, এটি মূলত সচেতনতা বৃদ্ধিমূলক উদ্যোগ। ভবিষ্যতে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, সেমিনার ও কর্মশালার মতো আরও কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তবে সীমিত অর্থায়নের কারণে বড় পরিসরে আয়োজন করতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলেও জানান তিনি।
উদ্যোগটির প্রশংসা করে এক শিক্ষক বলেন, পরিবেশ দিবসে প্রচলিত কর্মসূচির বাইরে এ ধরনের বাস্তবভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে।
এটি শুধু পরিচ্ছন্নতা নয়, বরং পরিবেশবান্ধব চিন্তাধারাও গড়ে তুলতে সহায়তা করে।
আয়োজকদের তথ্যমতে, প্রথম ১০০ জন অংশগ্রহণকারী এই বিশেষ কলম সংগ্রহের সুযোগ পেয়েছেন।
‘সবাই মিলে সবুজ বুটেক্স গড়ি’- এই বার্তাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিটি ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের আশা, এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়িত হবে।
এসআর