রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো রাশিয়া, চীন ও বাংলাদেশের অংশগ্রহণে এক ভিন্নধর্মী আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান।
ঐক্যে বৈচিত্র্য প্রতিপাদ্যে আয়োজিত এ আয়োজনের মূল লক্ষ্য ছিল সংস্কৃতি, শিল্প ও জ্ঞানচর্চার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও বৈশ্বিক বন্ধনকে আরও শক্তিশালী করা।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাশিয়ান হাউস ইন ঢাকা এবং চীনা দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক সহযোগিতা ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। তিনি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে উপাচার্য প্রফেসর ড. এইচ এম জাহিরুল হক অতিথিদের স্বাগত জানান এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইংরেজি বিভাগের প্রধান রেজিনা সুলতানার প্রবন্ধ উপস্থাপনা। “দ্য রিভার, দ্য টাইগা অ্যান্ড দ্য ড্রাগন: স্ট্রাকচারাল প্যারালেলস ইন ফোকলোর” শীর্ষক এ উপস্থাপনায় তিনি তিন দেশের লোককথার মধ্যে থাকা সাংস্কৃতিক মিল তুলে ধরেন।
এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা “এ মিটিং অব মিথস” শিরোনামের একটি নাটক মঞ্চস্থ করেন, যেখানে সুন্দরবনকে পটভূমি করে তিন দেশের লোকজ চরিত্রের কল্পিত মিলন উপস্থাপন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেক্সান্দ্রা খলেভনয় এ আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন।
তিনি ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানোর আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে রাশিয়া–চীন কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছর পূর্তি উপলক্ষে “রেড সিল্ক” চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসআর