শিক্ষক সংকট ও পদোন্নতি সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়-এর শিক্ষকরা একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন।
এতে করে শিক্ষার্থীদের মধ্যে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার প্রতীকী কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে দাবি পূরণ না হলে বুধবার থেকে পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কাজ বন্ধ রাখা হবে।
শিক্ষকদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে এখনো চ্যান্সেলর অনুমোদিত পূর্ণাঙ্গ সংবিধি না থাকায় পদোন্নতি প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। তাদের দাবি, এই অবস্থায় শুধু পদোন্নতিই নয়, পাঠদান, পরীক্ষা ও ডিগ্রির বৈধতা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে শিক্ষার্থীরা সম্ভাব্য আইনি জটিলতায় না পড়েন। একই সঙ্গে খণ্ডকালীন শিক্ষকদের সম্মানি বন্ধ থাকা ও শিক্ষক স্বল্পতার কারণে অতিরিক্ত ক্লাসও না নেওয়ার সিদ্ধান্ত এসেছে।
অন্যদিকে শিক্ষকদের এমন কর্মসূচিতে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই আশঙ্কা করছেন, নির্ধারিত পরীক্ষা ও ক্লাস ব্যাহত হলে সেশনজট আরও বাড়বে। বিশেষ করে চলমান সেমিস্টারের পরীক্ষা ও ফরম পূরণ কার্যক্রম অনিশ্চয়তায় পড়তে পারে বলে জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, একদিকে বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা সময়মতো শেষ করার চেষ্টা চলছে, অন্যদিকে হঠাৎ শাটডাউন কার্যকর হলে তাদের একাডেমিক পরিকল্পনা ভেঙে পড়তে পারে। এতে করে পড়াশোনার সময়সূচি পিছিয়ে যাওয়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত সমাধান চেয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা, যাতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা যায়।
এসআর