[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

এসএসসি পরীক্ষা ২০২৬: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৯:৪৮ এএম

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায়

 অংশগ্রহণ করছে। রুটিন অনুযায়ী, ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে এবং ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

​পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো নিচে তুলে ধরা হলো:

​কেন্দ্রে প্রবেশের সময়: পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীকে নিজ আসনে বসতে হবে। তবে যানজট এড়াতে সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

​পরীক্ষার ক্রম: প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না।

​প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

​ধারাবাহিক মূল্যায়ন: শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর নম্বর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বোর্ডে পাঠানো হবে।

​ওএমআর (OMR) পূরণ: উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

​পাসের নিয়ম: পরীক্ষার্থীকে সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।

​নিবন্ধিত বিষয়: প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

​ক্যালকুলেটর ব্যবহার: শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

​মোবাইল ফোন নিষিদ্ধ: কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ (পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি) কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার বা সাথে রাখতে পারবেন না।

​উপস্থিতিপত্র: সব ধরনের পরীক্ষার জন্য (তত্ত্বীয় ও ব্যবহারিক) একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।

​ব্যবহারিক পরীক্ষা: ব্যবহারিক পরীক্ষা পরীক্ষার্থীর নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

​ফলাফল পুনঃনিরীক্ষণ: পরীক্ষার ফলাফল প্রকাশের পরবর্তী ৭ দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে।

​সকাল ১০টা থেকে প্রতিদিনের পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ১৮ জুনের মধ্যে যাবতীয় আনুষঙ্গিক কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর