[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সম্পাদক রাফিউল

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ২:১৭ এএম

সংগৃহীত ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে তালহা হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. রাফিউল হুদা নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলে। তবে ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের দুটি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে ভোট গণনা স্থগিত করা হয়।


পরবর্তীতে সোমবার (২০ এপ্রিল) পুনরায় ভোট গণনা শেষে বিকেল ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।


এ সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।


নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের বিপরীতে ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২০ জন সরাসরি ভোট দেন এবং ৩টি ভোট পড়ে ডাকযোগে (পোস্টাল ব্যালট)।


নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি মো. হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বর্ণব, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক মো. আরাফাত ইসলাম, অর্থ সম্পাদক সারোয়ার আলম রিজন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়্যেদুল ইসলাম সরকার ছোয়াদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহিল শাফী, মো. বাঁধন হোসাইন ও মো. রিয়াদুল হাসান।


ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, “সাংবাদিক সমিতি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে। দীর্ঘদিন পর প্রাণবন্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ইতিবাচক দিক।

নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা করছি।”

এসআর

সম্পর্কিত খবর