জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বসুন্ধরা শুভসংঘ, জাবিপ্রবি শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন অতিথি অংশ নিয়ে বিষয়ভিত্তিক মতবিনিময় করেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান-প্রদানের অন্যতম মাধ্যম হলেও এটি অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ফলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলার অবনতিও ঘটছে।
এ পরিস্থিতি মোকাবিলায় তথ্য যাচাই করে শেয়ার করা, দায়িত্বশীল আচরণ এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জরুরি।
তারা আরও উল্লেখ করেন, তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নৈতিকতা ও সতর্কতা বজায় রাখতে হবে। পাশাপাশি কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবি শাখার প্রধান উপদেষ্টা ও ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত এবং জামালপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জসিম উদ্দিন।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রাকিব হাসান নয়ন, রোবটিক্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মিনহাজ, সবুজ স্বপ্নের সভাপতি আরমান আলিফ, গ্রীণ ভয়েসের সভাপতি তৌসিফ আহমেদ, রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব খান এবং বিতার্কিক মানতাসা নুসরাত প্রকৃতি।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ, জাবিপ্রবি শাখার সভাপতি হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আহমেদ আকাশ।
আলোচনায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন দিক উঠে আসে, যা ভবিষ্যতে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এসআর