[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল, অংশ নিচ্ছে ১৮.৫৭ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ৫:৫২ পিএম

সংগৃহীত ছবি

সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২১ এপ্রিল)।

এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।


সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন শিক্ষার্থী।

মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলে অংশ নিচ্ছে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।


দেশজুড়ে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে দাখিলের জন্য ৭৪২টি এবং কারিগরি পরীক্ষার জন্য ৬৫৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।


সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, শিক্ষার্থীরা যেন ভয়-ভীতি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। অভিভাবকদের অযথা দুশ্চিন্তা না করার আহ্বানও জানান তিনি।


তিনি আরও উল্লেখ করেন, করোনাকালীন সময়ে এ ব্যাচের শিক্ষার্থীরা কিছু গুরুত্বপূর্ণ মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই তাদের প্রথম পূর্ণাঙ্গ পাবলিক পরীক্ষাটি স্বস্তিদায়ক করতে কেন্দ্রগুলোতে সহায়ক পরিবেশ বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।


পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপদ পানি, পর্যাপ্ত আলো-বাতাস, স্বাস্থ্যসম্মত টয়লেট ও বিদ্যুতের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।


মূল্যায়ন প্রসঙ্গে জানানো হয়, অপ্রয়োজনীয় কঠোরতা না করে ন্যায্যভাবে খাতা মূল্যায়ন করা হবে, যাতে কোনো পরীক্ষার্থী তার প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত না হয়।


প্রকাশিত রুটিন অনুযায়ী, বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হবে এবং প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে।


পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড ১৪ দফা নির্দেশনা জারি করেছে।

এর মধ্যে উল্লেখযোগ্য—
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে,
প্রথমে বহুনির্বাচনী, পরে সৃজনশীল অংশের পরীক্ষা হবে
মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ (কেন্দ্রসচিব ছাড়া),
অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে,
উত্তরপত্রে রোল, রেজিস্ট্রেশন ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে,
এছাড়া পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর