ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা বাতিলের দাবি জানিয়েছে শাখা ছাত্র ইউনিয়ন।
এ দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংগঠনের সভাপতি নুর আলম, সাংগঠনিক সম্পাদক সজীব ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, তারা ধর্মীয় শিক্ষা বা নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে নন। তবে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট একটি ধর্মভিত্তিক কোর্স বাধ্যতামূলক করা হলে তা শিক্ষার্থীদের বহুমাত্রিক পরিচয়, ব্যক্তিগত বিশ্বাস এবং একাডেমিক স্বাধীনতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে।
এছাড়া, বাধ্যতামূলক ক্রেডিট কোর্স হিসেবে এটি অন্তর্ভুক্ত হলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে এবং বিভাগভিত্তিক বিশেষায়িত পড়াশোনাতেও প্রভাব পড়তে পারে বলে তারা মত দেন।
ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দুটি প্রস্তাব তুলে ধরা হয়—প্রথমত, সংশ্লিষ্ট সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা বাতিল করা; দ্বিতীয়ত, ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে ঐচ্ছিক কোর্স হিসেবে রাখার ব্যবস্থা করা, যাতে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করতে পারে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘বাংলাদেশ স্টাডিজ’ ও ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে ক্রেডিট কোর্স হিসেবে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসআর