কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ফাঁকা আসনে ভর্তি সম্পন্ন করতে নতুন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
চতুর্থ মেধাতালিকার ভর্তি শেষ হওয়ার পরও মোট ৭০টি আসন শূন্য রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৬ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ মেধাতালিকার পরবর্তী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে আগামী ১৯ ও ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।
এতে ‘এ’ ইউনিটে ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের ডাকা হয়েছে। ‘বি’ ইউনিটে মানবিক শাখায় ৪২৪–৫৩৫, ব্যবসায় শিক্ষা শাখায় ১০৪–১৫৯ এবং বিজ্ঞান শাখায় ১৫০–২০৫ পর্যন্ত মেধাক্রমের প্রার্থীদের অংশগ্রহণ করতে বলা হয়েছে। অন্যদিকে ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ২৮১–৪০০, মানবিক শাখায় ২৬–৫০ এবং বিজ্ঞান শাখায় ২৯–৫০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে শূন্য আসন থাকা সাপেক্ষে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করে ভর্তি সম্পন্ন করা হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা গ্রেডশিট এবং প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
এছাড়া ভর্তির সময় শিক্ষার্থীদের ১৪ হাজার ৮০০ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। পাশাপাশি হল ও বিভাগ সংশ্লিষ্ট উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ফাঁকা আসন পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেই পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বর্তমানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটে ২০টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ‘বি’ ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ১৭টি আসন খালি রয়েছে।
এসআর