মানবিক সেবার প্রত্যয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর এবং সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই সেরা রক্ত সংগ্রাহক ও নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। চলতি বছরে সর্বোচ্চ ১১২ ইউনিট রক্ত সংগ্রহ করেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. রাফসানুর রাফি। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তামজিদ হাসান প্রিন্স সর্বোচ্চ ২৬ বার রক্তদান করে স্বীকৃতি পান।
পরে বিদায়ী কমিটির নেতারা নবনির্বাচিতদের হাতে দায়িত্ব তুলে দেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. নাঈম আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়জীদ আহমদ দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার রক্তদানের মানবিক গুরুত্ব তুলে ধরে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, মানুষের জন্য ছোট উদ্যোগও কখনো কখনো গভীর প্রভাব ফেলে এবং রক্তদাতারা মানুষের দোয়া ও ভালোবাসা অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম রক্তদানের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটির কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং মানবসেবায় বড় ভূমিকা রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এবং শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চলতি বছরে বাঁধন জাবি শাখার মাধ্যমে মোট ১,৮৯৬ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করা হয়েছে, যা তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ।
এসআর