বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ (বিএস) অনুষদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করা হয়।
সকালে অনুষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা হাতে তৈরি বিভিন্ন রঙিন সামগ্রী, লোকজ উপকরণ ও প্ল্যাকার্ড বহন করেন।
ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি পুনরায় অনুষদ চত্বরে এসে শেষ হয়। উদ্বোধনী পর্বে অনুষদের ডিন বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
পরে উন্মুক্ত মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় বর্ষবরণের গান, গ্রামীণ নৃত্য এবং একটি সংক্ষিপ্ত নাট্যাংশ, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
উৎসবকে ঘিরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী খাবারেরও। পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা ও মিষ্টান্নের মাধ্যমে গ্রামীণ আবহ ফুটিয়ে তোলা হয়।
পাশাপাশি বিভিন্ন বিভাগের উদ্যোগে স্থাপন করা হয় ছোট ছোট স্টল। বিনোদনের জন্য ছিল বায়স্কোপ, পুতুলনাচ এবং নাগরদোলার মতো আকর্ষণীয় আয়োজন।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. জামাল উদ্দিন বলেন, নববর্ষ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে এ আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
তিনি সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
দিনভর চলা এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। তীব্র গরম উপেক্ষা করেও সবার উপস্থিতিতে পুরো ক্যাম্পাস ছিল প্রাণবন্ত ও উৎসবের আমেজে ভরপুর।
এসআর