[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

উৎসবের আমেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

ববি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ৬:৪৭ পিএম

সংগৃহীত ছবি

বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখ সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।


শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাক ও লোকজ উপকরণ নিয়ে অংশ নেন, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।


এছাড়া বিভিন্ন বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় লোকজ সংস্কৃতির নানা উপকরণ, গ্রামীণ ঐতিহ্যের সামগ্রী এবং দেশীয় খাবারের স্টল স্থান পায়। পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা পুরো ক্যাম্পাসে উৎসবের আবহ সৃষ্টি করে।


নববর্ষ উপলক্ষে উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার প্রতি শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর