[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

হাবিপ্রবিতে চৈত্র সংক্রান্তি ঘিরে এডভেঞ্চার ক্লাবের ঘুড়ি উৎসব

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১০:০৫ পিএম

সংগৃহীত ছবি

চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঘুড়ি উৎসব।

শিক্ষার্থীদের মধ্যে গ্রামীণ ঐতিহ্য ও শৈশবের স্মৃতি জাগিয়ে তুলতেই এ আয়োজন করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল মাঠে হাবিপ্রবি এডভেঞ্চার ক্লাবের উদ্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়।


বিকেলের পর থেকেই বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা দলে দলে মাঠে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। আকাশজুড়ে উড়তে থাকে নানান রঙ ও নকশার ঘুড়ি, যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত।


অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর এমন একটি আনন্দঘন আয়োজন তাদের একঘেয়ে পড়াশোনার চাপ থেকে সাময়িক স্বস্তি দিয়েছে। অনেকেই বলেন, এই উৎসব তাদের শৈশবের স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দিয়েছে, যখন গ্রামে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়ানোর দিনগুলো ছিল নিয়মিত আনন্দের অংশ।


তাদের মতে, দলবদ্ধভাবে ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা আলাদা আনন্দ দেয় এবং এ ধরনের আয়োজন ক্যাম্পাস জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গেও শিক্ষার্থীদের সংযুক্ত করে।


এ বিষয়ে হাবিপ্রবি এডভেঞ্চার ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সাকিব বলেন, ঘুড়ি উৎসব আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করতে সহায়তা করে।

ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর