কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের রাতের যাতায়াতে ভোগান্তি কমাতে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসমুখী দুটি নতুন বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল।
সোমবার (১৩ এপ্রিল) পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া জানান যে, এখন থেকে প্রতিদিন রাত ৭:৩০ মিনিটে কান্দিরপাড়–টমচম ব্রিজ–পদুয়ার বাজার হয়ে একটি এবং রাত ৮:০০ মিনিটে কান্দিরপাড়–পুলিশ লাইন–কোটবাড়ি হয়ে আরেকটি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
মূলত টিউশন শেষে ফেরা শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে উপাচার্যের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সপ্তাহের সাত দিনই কার্যকর থাকবে। এছাড়া আগের বাস শিডিউলগুলোও যথারীতি অপরিবর্তিত থাকবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হলেও পরিবহন কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যেন শিক্ষার্থীরা চালকদের নির্ধারিত রুটের বাইরে অন্য কোনো শর্টকাট রাস্তায় যাওয়ার জন্য বাধ্য না করেন, যাতে নির্দিষ্ট রুটের কোনো শিক্ষার্থী বাস মিস না করেন।
এসআর