বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ বুধবার সকালে( ৮ -এপ্রিল) দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় ৫ হাজার মিটার মিনি ম্যারাথনের মাধ্যমে। এরপর প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামুল্যা এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। এ সময় ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে ফেস্টুন ও বেলুন উড়ানো এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস ও সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে টিএসসি প্রাঙ্গণে ‘মজার ইস্কুল’-এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন এবং কেক কাটা হয়।
র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্যের বাণী পাঠ ও বিতরণ করা হয়।
উপাচার্য তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা এবং সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটিকে একটি উৎকর্ষের কেন্দ্রে পরিণত করার আহ্বান জানান।
দিবসটির দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনাজপুরের গোর-এ-শহিদ বড় ময়দান এলাকায় অবস্থিত হাজী মোহাম্মদ দানেশের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ফরিদপুর কবরস্থানে প্রয়াত মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী খুরশীদ জাহান হকের কবরেও শ্রদ্ধা জানানো হয়।
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসআর