[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

হিট প্রকল্পে গবেষণা মূল্যায়নে স্বচ্ছতার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ৭:৫৪ পিএম

সংগৃহীত ছবি

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের গবেষণা প্রস্তাব মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান ড. মামুন আহমেদ।

বুধবার (৮ এপ্রিল) ইউজিসির অধীনে বাস্তবায়নাধীন হিট প্রকল্পের অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক সভায় তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বিশ্বব্যাংক-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)-এর আওতায় জমা পড়া গবেষণা প্রস্তাবগুলো নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে।

নির্ধারিত সময়সীমার মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করার ওপরও তিনি জোর দেন।


তিনি আরও উল্লেখ করেন, গবেষণা মূল্যায়নের ক্ষেত্রে দেশের বিদ্যমান সামাজিক, রাজনৈতিক ও একাডেমিক বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন। যাতে এ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা বিভ্রান্তি তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলেন তিনি।


সভায় উপস্থিত বিশ্বব্যাংকের প্রতিনিধি জানান, হিট প্রকল্পের প্রথম পর্যায়ের গবেষণা প্রস্তাব মূল্যায়ন স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং সেই অভিজ্ঞতা অন্যান্য প্রকল্পেও কাজে লাগানো হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়ন শেষ করতে ইউজিসির সহযোগিতা কামনা করেন তিনি।


ইউজিসি চেয়ারম্যান জানান, প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে শিক্ষা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে এবং এ লক্ষ্যে শিগগিরই একটি বৈঠক আয়োজন করা হবে।


সভায় প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) সংশোধন, ছয় মাসের কর্মপরিকল্পনা, শিক্ষক প্রশিক্ষণ, কোর্স স্বীকৃতি, নারী শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নেটওয়ার্ক গঠন, ডিজিটাল লাইব্রেরি উন্নয়ন এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ের এটিএফ উপ-প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী জুনের মধ্যে এসব প্রস্তাবের মূল্যায়ন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রথম ধাপে নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নে দেশের ৪৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়।

এসআর

সম্পর্কিত খবর