আন্তর্জাতিক বাজারে টানা কয়েকদিন ধরে স্বর্ণের দামে পতন অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫১ দশমিক ৮১ ডলারে নেমে আসে। একই সময়ে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও ২ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৫৫৬ দশমিক ৪০ ডলারে।
বিশ্লেষকদের মতে, Donald Trump ও Xi Jinping–এর সাম্প্রতিক বৈঠকের পর বাজার পরিস্থিতির ওপর বিনিয়োগকারীরা নিবিড় নজর রাখছেন। যদিও বৈঠক থেকে বড় কোনো অর্থনৈতিক চুক্তির ঘোষণা আসেনি।
আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এসআর