২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাজেটের আকার বড় করার চেয়ে সরকারের উচিত এর গুণগত মানের দিকে নজর দেওয়া। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে
আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, সক্ষমতা ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বাড়ালে কেবল আর্থিক অপচয় বা লিকেজই বাড়বে। জিডিপির প্রবৃদ্ধির চেয়ে উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও লিকেজ বন্ধ করাই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। মাহমুদুর রহমান উল্লেখ করেন, ৯ শতাংশের উপরে থাকা মূল্যস্ফীতি কেবল সুদের হার বাড়িয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি কর্মসংস্থান সৃষ্টিতে শ্রমঘন শিল্পে বিনিয়োগ এবং শিক্ষা ও কৃষি খাতে দ্রুত সংস্কারের ওপর জোর দেন। বিশেষ করে প্রান্তিক কৃষকরা যাতে দেউলিয়া না হয়, সেজন্য সরকারি নীতি প্রণয়নের আহ্বান জানান তিনি।
বৈঠকে নর্থসাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম জানান, দেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। তিনি জানান, ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩০ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে এবং পাঁচটি ব্যাংকের খেলাপি ঋণ ৯০ শতাংশ ছাড়িয়েছে। বক্তারা পরোক্ষ করের ওপর নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর ও অবৈধ সম্পদের ওপর কর আরোপের মাধ্যমে করের আওতা বাড়ানোর সুপারিশ করেন।
এসআর