আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, রাজস্ব আদায় বাড়িয়ে প্রায় ৬ লাখ কোটি টাকায় নিতে হবে, যা অর্জনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা ছাড়া বিকল্প নেই।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন উপলক্ষে পরিবহন খাতের প্রতিনিধিদের সঙ্গে এক প্রাক-বাজেট বৈঠকে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান জানান, বড় রাজস্ব লক্ষ্যমাত্রার কারণে ভ্যাট ও আমদানি শুল্কে নতুন করে ছাড় দেওয়ার সুযোগ খুব সীমিত। বরং বিভিন্ন খাতে বিদ্যমান কর অব্যাহতি ধীরে ধীরে কমানো হতে পারে।
তিনি আরও বলেন, কর ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, কারণ এ কারণে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে ভ্যাট রিফান্ড প্রক্রিয়া আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাবলিক ট্রান্সপোর্ট খাতের বিষয়ে তিনি জানান, এ খাতে কিছুটা সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। টার্নওভার ট্যাক্স কমানোর দিকেও নজর দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ভ্যাট রিফান্ড কার্যক্রম ঠিকমতো চালু না থাকায় ভোগান্তি তৈরি হয়েছে।
তবে রাজস্ব ব্যবস্থাপনা পুরোপুরি অনলাইনভিত্তিক না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা কঠিন বলে তিনি জানান।
এসআর